ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে গাঁজা-ইয়াবা উদ্ধার; হত্যা ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১১

author
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ সকাল ১০:০৮
ad003
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ী, একটি হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামি, একটি ডাকাতি মামলার তিন আসামি, ছয় মাসের সিআর সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামি এবং একটি সিআর মামলার এক পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডাবল কেবিন পিকআপও জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে দাউদকান্দি মডেল থানা পুলিশের এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস রিলিজে বলা হয়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই আবুল কাওসার সঙ্গীয় ফোর্সসহ ১৪ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে দাউদকান্দি মডেল থানাধীন মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি প্রান্ত থেকে আনুমানিক ২০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৭ কেজি গাঁজাসহ পটুয়াখালী সদর উপজেলার মাতারবুনিয়া ইউনিয়নের হাজিখালী গ্রামের মো. নুর আলম (৪৫)কে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডাবল কেবিন পিকআপ জব্দ করা হয়।

প্রেস রিলিজে আরও বলা হয়, এসআই মো. রেজোয়ানুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১৩ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে একটি হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর হোসেন (৪৯), নুর মোহাম্মদ বাবু ওরফে বাবু মিয়া (১৯), শাহনারা বেগম (৫৪) ও হানিফ (৭০)।

এ ছাড়া এসআই কমল কৃষ্ণ সঙ্গীয় ফোর্সসহ ১৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের দক্ষিণ মারুকা এলাকায় হানজালালের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার কাচিয়ারা এলাকার মো. সিয়াম হোসেন মানিক (২৫)কে গ্রেপ্তার করেন।

অন্যদিকে এসআই মিনহাজুল ইসলাম সঙ্গীয় অফিসারদের নিয়ে ১৪ জুলাই রাত সাড়ে ৩টার দিকে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি নিয়মিত ডাকাতি মামলার তিন আসামি সাফিন (২২), ফাহাদ (২৪) ও সাকিল (২২)কে গ্রেপ্তার করেন।

একই দিনে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সামসুল আলম, এএসআই সজল কুমার ও সঙ্গীয় ফোর্স মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয় মাসের সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি সালমা বেগম এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে দাউদকান্দি মডেল থানা পুলিশের প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT