ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আলোচিত এমসি কলেজে ধর্ষণ মামলা: ছাত্রলীগ নেতা সাইফুরের মৃত্যুদণ্ড

author
সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ সকাল ১০:১১
ad003
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। রায়ে আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এছাড়া শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম রনি ও অর্জুন লস্করকে যবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। বাকী ৪ আসামি আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ও মাহফুজুর রহমানকে খালাস প্রদান করা হয়।

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের টিলাগড় এলাকায় এমসি কলেজ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। শাহপরান মাজার থেকে ফেরার পথে এক দম্পতির প্রাইভেটকার থামিয়ে তাদের জিম্মি করে ছাত্রাবাসে নিয়ে যায় কয়েকজন যুবক। সেখানে স্বামীকে আটকে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও দুইজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ও র‍্যাবের অভিযানে তিন দিনের মধ্যে আটজন আসামিকেই গ্রেপ্তার করা হয়। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT