ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে টানা বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

author
রাজস্থলী সংবাদদাতা

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ দুপুর ৩:১৮
ad003
রাঙ্গামাটি রাজস্থলীতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার ১৪ জুলাই  দুপুরের  দিকে রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)    ইউছুপ হাসান এর সার্বিক সহযোগিতায় উপজেলার গাইন্দ্যা  ইউনিয়নের ছাইংখ্যং পাড়ায় একযোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবদুল্লাহ আল হেলা মাসুম, অফিস সহকারি গোফরান আহম্মদ, হ্লামুচিং মেম্বার, নুরুল আলম মেম্বার সহ পাড়ার কার্বারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেশ কিছু পরিবার পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এসব ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই জরুরি ভিত্তিতে এই খাদ্য সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজস্থলী  উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান  জানান, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাজস্থলীতে  বিভিন্ন এলাকার মানুষ সাময়িকভাবে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে কিছুটা বিপাকে পড়েছেন। দুর্যোগের এই কঠিন সময়ে সরকার এবং উপজেলা প্রশাসন সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে আছে।

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, রাঙ্গামাটি  জেলা প্রশাসক নাজমা আশরাফী এর  সার্বিক সহযোগিতায় উপজেলার ৩ টি  ইউনিয়নের প্রতিটি ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের কাছে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিতে প্রশাসন একযোগে কাজ করছে। কোনো পরিবার যেন খাদ্যকষ্টে না ভোগে, তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে। মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT