ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে আলোচনায় সখীপুরের তিন যমজ

author
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ দুপুর ৩:১৯
ad003
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সখীপুরের তিন যমজ ভাই-বোন। একসঙ্গে দুই ভাই ও এক বোনের এমন সাফল্যে আনন্দে ভাসছেন তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীরা।

যমজ তিন ভাই-বোন হলো ফাতেমা আক্তার শেমী (১২), আনাস আল মামুন (১২) ও আরাফাত আল মামুন (১২)। তারা সখীপুর পৌরসভার উত্তরা মোড় এলাকার বাসিন্দা এম. শামীম ও আর্জিনা আক্তার দম্পতির সন্তান।

তাদের মা আর্জিনা আক্তার উপজেলার ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জানা যায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তারা বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেয়। প্রকাশিত ফলাফলে তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।

বর্তমানে তারা সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, “যমজ তিন ভাই-বোনই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের কঠোর পরিশ্রম রয়েছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

তিন ভাই-বোনের এমন সাফল্যে মা আর্জিনা আক্তার বলেন, “ওদের এই অর্জনের পেছনে স্কুলের শিক্ষকদের অবদান অনেক। ওদের বাবা বিদেশে অবস্থান করেও নিয়মিত পড়াশোনার খোঁজখবর নেন এবং উৎসাহ দেন। আমার ছেলে-মেয়েরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে, সবার কাছে সেই দোয়া চাই।”
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT