নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের ৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। নবগঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে জামিউল ইসলাম রাকিবকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে নাজমুছ সাদি চৌধুরী অপুকে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী।
জানা গেছে, মঙ্গলবার জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের যৌথ স্বাক্ষরে এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহসভাপতি নোমান আহাম্মদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মানব গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মেদ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক কিরণ খাঁ, প্রচার সম্পাদক সৌরভ খান এবং দপ্তর সম্পাদক রিয়াজ রহমান।
দলীয় সূত্রে জানা যায়, নবনির্বাচিত সভাপতি জামিউল ইসলাম রাকিব দীর্ঘদিন মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক নাজমুছ সাদি চৌধুরী অপু মোহনগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন।
জেলা ছাত্রদলের নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।