সারা দেশের সঙ্গে মিল রেখে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরই অংশ হিসেবে আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১১টার দিকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরকারি কর্মসূচির অংশ হিসেবে আক্কেলপুর পৌরসভার ৯টি এবং উপজেলার পাঁচটি ইউনিয়নের ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা এবং বৃক্ষের গুরুত্ব সম্পর্কে আগ্রহ ও দায়িত্ববোধ তৈরি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
বৃক্ষরোপণ শেষে ইউএনও আশিক-উর-রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে দেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. আফাজ উদ্দীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান, বিএনপি নেতা আমিনুর রশিদ ইকু, বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।