ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

author
পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ দুপুর ৩:৩৪
ad003
কক্সবাজারের পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা মামলার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার অগ্রগতি ও আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও মামলার তদন্তের গতি নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

জানা যায়, চলতি বছরের ২৬ জুন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের হারুন মাতবরপাড়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন আবু তাহের (৬৫)। অভিযোগ রয়েছে, ওইদিন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হলে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার এজাহার ও নিহতের পরিবারের সদস্যদের দাবি, আবু তাহেরের পুত্রবধূ এবং মালয়েশিয়া প্রবাসী মো. কাইছারের স্ত্রী তৈয়বা বেগমকে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন বখাটে উত্যক্ত করছিল। বিষয়টি নিয়ে সামাজিকভাবে বিচার-সালিশও অনুষ্ঠিত হয় এবং অভিযুক্তদের সতর্ক করা হয়।

পরিবারের অভিযোগ, ঘটনার দিন রাতে ওই উত্যক্তের জের ধরে বখাটেরা আবু তাহেরের বাড়িতে ঢিল নিক্ষেপ করে। এ সময় বিষয়টি জানতে পেরে বাড়ির বাইরে বের হয়ে প্রতিবাদ জানান আবু তাহের। তখন পুরাতন বহদ্দারপাড়ার নুরুল হোছাইনের ছেলে মোহাম্মদ সিফাত, হারুন মাতবরপাড়ার মৃত উলা মিয়ার ছেলে নাজেম উদ্দিন, শাহ আলমের ছেলে মোহাম্মদ বাহাদুরসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়।

ঘটনার তিন দিন পর, ২৮ জুন পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার নম্বর (২৫/১০৯-২৬)। নিহতের কনিষ্ঠ পুত্র মো. তারেক (২৫) বাদী হয়ে সিফাত, নাজেম উদ্দিন ও বাহাদুরকে এজাহারভুক্ত আসামি এবং আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করেন। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন পেকুয়া থানার এসআই মো. সাজ্জাদ।

এদিকে, হত্যাকাণ্ডের ২০ দিন পার হলেও এখনো কোনো আসামি গ্রেফতার না হওয়ায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন নিহতের পরিবার। বুধবার (১৫ জুলাই) আবু তাহের হত্যা মামলার দ্রুত বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে পেকুয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিংয়ে অংশ নেন নিহতের স্বজনরা। সেখানে তারা ঘটনার বর্ণনা তুলে ধরেন এবং দ্রুত বিচার দাবি করেন।

মামলার বাদী ও নিহতের ছেলে মো. তারেক বলেন, “আমি মামলার অগ্রগতিতে সন্তুষ্ট নই। ২০ দিন পার হয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।”

নিহতের পুত্রবধূ তৈয়বা বেগম বলেন, আমার স্বামী বিদেশে থাকেন। আমাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করা হতো। আমি বিষয়টি নিয়ে বিচারও দিয়েছিলাম। ঘটনার দিন তারা বাড়িতে ঢিল ছোড়ে। মূলত এরই জেরে আমার শ্বশুরকে হত্যা করা হয়েছে।

নিহত আবু তাহেরের স্ত্রী নুরুন্নাহার বেগম বলেন, “আমি সাংবাদিকদের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও পেকুয়া থানার এসআই মো. সাজ্জাদ বলেন,আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে। কৌশলগত কারণে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT