ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর আহ্বানে নেত্রকোণায় প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ বিকেল ৫:৫২
ad003
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। 

এরই অংশ হিসেবে নেত্রকোণার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে জেলা শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে জেলার কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে সর্বস্তরের মানুষকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি প্রতিটি শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বানও জানিয়েছেন। 

সেই আহ্বান বাস্তবায়নের অংশ হিসেবে জেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট রোকেয়া বেগম, জেলা বিএনপির নেতা শফিকুল কাদের সুজা, জেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলাম, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার সংস্কৃতি গড়ে তুলতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

জেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT