ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
রাষ্ট্রীয় শোকের নির্দেশনা উপেক্ষা

মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দুপুর পর্যন্ত পূর্ণদণ্ডে জাতীয় পতাকা

author
নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১২
ad003
কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের অন্যতম স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত না রাখার অভিযোগ উঠেছে নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে। 

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল থেকেই পতাকা অর্ধনমিত রাখার কথা থাকলেও বিদ্যালয়টিতে বুধবার দুপুর পর্যন্ত তা পূর্ণদণ্ডে উত্তোলিত ছিল বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অন্যান্য দিনের মতোই পূর্ণদণ্ডে উড়ছিল। 

বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর বেলা পৌনে দুইটার দিকে পতাকাটি অর্ধনমিত করা হয়।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সরকারি নির্দেশনা ছিল। কিন্তু সকালে বিদ্যালয়ে পতাকা পূর্ণদণ্ডেই উত্তোলন করা হয়। পরে বিষয়টি নজরে এলে তা সংশোধন করা হয়। তাঁদের ভাষায়, এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

সরকারি প্রজ্ঞাপণ অনুযায়ী, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে বুধবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করা হয়। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনারও নির্দেশনা ছিল।

এ বিষয়ে মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, "রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সরকারি নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটেনি।"

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন জানান, বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় প্রধান শিক্ষক পতাকা অর্ধনমিত না রাখার বিষয়টি স্বীকার করে অসাবধানতাবশত এমনটি হয়েছে বলে জানান। পরে তাৎক্ষণিকভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত করার নির্দেশ দেওয়া হলে দুপুরে তা বাস্তবায়ন করা হয়।

উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি গত ১২ জুলাই ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং কাতারে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সরকার বুধবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT