ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান স্মরণে নেত্রকোণায় আলোচনা ও স্মরণসভা করেছে জেলা ছাত্রদল।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শহরের ছোটবাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে নেত্রকোণা জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য, দেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
বিশেষ অতিথি'র বক্তব্য রাখেনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু।
সভাপতির বক্তব্যে অনিক মাহবুব চৌধুরী বলেন, "জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক প্রতিরোধ। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।"
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তাঁদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা ছাত্রদল ছাড়াও বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠান শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।