ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অসীলা ইসলামে স্বীকৃত একটি বিষয়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেইঃ ছারছীনার পীর ছাহেব

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ দুপুর ১:২৭
ad003
আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- পবিত্র কুরআন ও হাদীসে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য অসীলা গ্রহণের নির্দেশ ও বিভিন্ন দৃষ্টান্ত উল্লেখ রয়েছে। তবে অসীলার সঠিক ধারণা ও শরিয়তসম্মত পদ্ধতি সম্পর্কে মুসলিম সমাজকে সচেতন থাকতে হবে। অসীলা ইসলামে স্বীকৃত একটি বিষয়, তাই একে অস্বীকার করার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, ইসলামে একমাত্র ইবাদতের উপযুক্ত সত্তা হলেন মহান আল্লাহ। অসীলা গ্রহণের অর্থ কাউকে আল্লাহর শরিক করা নয়; বরং আল্লাহর নিকট গ্রহণযোগ্য আমল, তাঁর প্রিয় বান্দাদের মর্যাদা কিংবা বৈধ উপায় অবলম্বন করে আল্লাহর নিকট দোয়া করা। এ বিষয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের দীর্ঘদিনের ঐতিহ্য ও ব্যাখ্যা বিদ্যমান।

পীর ছাহেব কেবলা আরও বলেন, মুসলিম উম্মাহর মধ্যে মতভেদ সৃষ্টি না করে কুরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য আলেমদের ব্যাখ্যার আলোকে বিষয়গুলো উপস্থাপন করা উচিত। পারস্পরিক সম্মান, সহনশীলতা ও ভ্রাতৃত্ব বজায় রেখে ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার করতে হবে। আকীদা সংক্রান্ত বিষয়ে আবেগ নয়, বরং বিশুদ্ধ জ্ঞান, দলীল এবং প্রজ্ঞার ভিত্তিতে আলোচনা হওয়া প্রয়োজন। এজন্য তিনি মুসলিম সমাজকে বিভেদ পরিহার করে ঐক্য, শান্তি ও ইসলামের মৌলিক শিক্ষার অনুসরণের আহ্বান জানান।

১৫ জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি তালতলা জামে মসজিদে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত ও সিদ্ধিরগঞ্জ ও জালকুড়ি এলাকাবাসীর সার্বিক ব্যবস্থাপনায় ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলমান উক্ত মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরতম মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, নারায়ণগঞ্জ জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মোহম্মদ হোসাইন বোখারী প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT