ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্টিয়ারিংয়ে আটকে নিথর চালক, পূর্বধলায় ট্রাক দুর্ঘটনায় নিহত ১

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ দুপুর ২:০০
ad003
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকার পালেরঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক রোমন মিয়া (৩৪) মদন উপজেলার হাসকুরি গ্রামের সবুজ মিয়ার ছেলে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, ময়মনসিংহগামী একটি ট্রাক ইসবপুরের পালেরঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় একটি ট্রাকের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রোমন মিয়া স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে ট্রাকের ক্ষতিগ্রস্ত কেবিন কেটে নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয় লোকজন গুরুতর আহত অপর ট্রাকের চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার পর দুটি ট্রাক মহাসড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক দুটি সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় নিহত ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।”

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT