পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন খান। বৃহস্পতিবার দিনব্যাপী তাঁর নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ উপলক্ষে সকালে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন খান। সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শেহাংগল বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শেহাংগল বালক মাধ্যমিক বিদ্যালয়, স্থানীয় মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ এবং বিভিন্ন সড়কের পাশে গাছের চারা রোপণ করা হয়।
এ সময় মো. আক্তার হোসেন খান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই কর্মসূচিকে এগিয়ে নিয়েছেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পিত সবুজায়ন কর্মসূচিকে সফল করতে আমরা কাজ করছি। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আক্তার হোসেন খান দীর্ঘ বছর ধরে সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর নেতৃত্বে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছেন। স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সামাজিক বিভিন্ন উদ্যোগেও সক্রিয় ভূমিকা পালন করেন।