ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল যুবকের মরদেহ

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ সকাল ৯:৩৭
ad003
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় মোবাইলফোনে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে খালের পানিতে পড়ে নিখোঁজ হওয়া আহাদ নূর (২৬) নামে এক যুবকের মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার মাঘান (মাইজহাটি) গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাপমরা খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার দিবাগত গভীর রাতে তিনি নিখোঁজ হন।

নিহত আহাদ নূর মোহনগঞ্জ উপজেলার মাঘান (মাইজহাটি) গ্রামের কাঁচা মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সৈয়দপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন। কয়েক দিন আগে তিনি মোহনগঞ্জে তাঁর চাচা কালা মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দিবাগত রাতে সাপমরা খালের পাড়ে বসে মোবাইলফোনে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন আহাদ। একপর্যায়ে অসাবধানতাবশত খালের খাড়া পাড় থেকে পানিতে পড়ে যান। তিনি সাঁতার না জানায় আর ওপরে উঠতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

পরদিন সকাল থেকে স্বজন ও স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে তাঁকে খুঁজতে থাকেন। কিন্তু কোনো সন্ধান না মেলায় উদ্বেগ বাড়তে থাকে। শুক্রবার সকালে স্থানীয় লোকজন খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। এটি নিখোঁজ হওয়ার সম্ভাব্য স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভেসে ওঠে।

মাঘান-সিয়াধার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম মাসুদ বলেন, আহাদের চাচার বাড়িটি খালের একেবারে পাশেই। ঘটনার রাতে তিনি খালের কিনারায় বসে মোবাইলে খেলা দেখছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। 

বর্তমানে খালটিতে প্রচুর পানি এবং ওই অংশটি বেশ গভীর। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আহাদ সাঁতার জানতেন না। এ ঘটনায় তাঁদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং তাঁর সঙ্গে কারও বিরোধও ছিল না। তাই পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করেছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইলে ফুটবল ম্যাচ দেখার সময় অসাবধানতাবশত খালে পড়ে যান আহাদ। তিনি সাঁতার জানতেন না। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT