ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে বন বিভাগের অভিযানে ৩ ডিঙি নৌকা, ৬৪০ কেজি মাছ-কাঁকড়াসহ আটক ২

author
কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ সকাল ১১:০৪
ad003
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বর্তমানে তিন মাসের জন্য পর্যটক প্রবেশ, মাছ ও কাঁকড়া আহরণসহ সব ধরনের পাস-পারমিট বন্ধ রয়েছে। বনজ সম্পদ ও বন্যপ্রাণীর প্রজননকাল নির্বিঘ্ন রাখতে প্রতিবছরের মতো এবারও বন বিভাগ কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করেছে। তবে এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক শ্রেণির অসাধু জেলে অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ চালিয়ে যাচ্ছে। এমনই এক অভিযানে বিপুল পরিমাণ মাছ ও কাঁকড়াসহ দুইজনকে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের নির্দেশনায় আন্ধারমানিক বন টহল ফাঁড়ির সদস্যরা বাটলুয়া নদীর মুখে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনটি ডিঙি নৌকা, আনুমানিক ১৫০ কেজি সাদা মাছ ও ৪৯০ কেজি কাঁকড়াসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নদীর মুখে অবস্থানরত সন্দেহভাজন ডিঙি নৌকাগুলোতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আহরণ করা মাছ ও কাঁকড়া উদ্ধার করা হয়। জব্দ করা তিনটি নৌকা, ১৫০ কেজি সাদা মাছ এবং ৪৯০ কেজি কাঁকড়া বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে বর্তমানে প্রজনন মৌসুম চলায় তিন মাসের জন্য সব ধরনের পাস-পারমিট স্থগিত রয়েছে। এ সময় বনে প্রবেশ, মাছ ও কাঁকড়া আহরণ কিংবা অন্য কোনো বনজ সম্পদ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও কিছু অসাধু চক্র গোপনে নদীপথ ব্যবহার করে সুন্দরবনে প্রবেশ করে অবৈধভাবে সম্পদ আহরণ করছে। এসব অপরাধ দমনে বন বিভাগের টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

সুন্দরবন খুলনা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, "নিষেধাজ্ঞার সময় সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ ও বনজ সম্পদ আহরণের বিরুদ্ধে বন বিভাগের অভিযান নিয়মিত চলবে। বন ও বন্যপ্রাণী রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত বন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

বন বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে সুন্দরবনের বিভিন্ন নদী-খাল ও প্রবেশপথে নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধভাবে বনে প্রবেশ কিংবা মাছ-কাঁকড়া আহরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT