নেত্রকোণার মদন উপজেলায় 'আলহাজ্ব মোজাফফর আহাম্মেদ কামিল মাদ্রাসা'র এইচএসসি (কারিগরি) পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব ও হল সুপারের বিরুদ্ধে।
জানা যায়, চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় আলহাজ্ব মোজাফফর আহম্মেদ কেন্দ্রে দুই শিফটে মদন 'আদর্শ কারিগরি বাণিজ্য কলেজ' ও 'জনতা কারিগরি বাণিজ্য কলেজ'-এর তিনশত জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এই কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হলেও, বাস্তবে শিক্ষার্থীদের অবাধে নকল দেখে লেখার সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিক্ষকরা নিজেরা শিক্ষার্থীদের খাতায় লিখে দিচ্ছেন বলেও গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
আরো অভিযোগ রয়েছে, পরীক্ষা তদারকির দায়িত্বে থাকা ট্যাগ অফিসারকে সচরাচর কেন্দ্রে দেখা যায় না। মাঝেমধ্যে তিনি কেন্দ্রে এলেও হলের ভেতরে না গিয়ে অফিস কক্ষে বসে চা-বিস্কুট ও আড্ডায় মত্ত থাকেন।
পরীক্ষা হলে অবাধে নকল করার বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ইতিমধ্যে স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব এবং আদর্শ কারিগরি বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম গাজী দাবি করেন, "আমার কেন্দ্রে এমন কোনো ঘটনা ঘটেনি। এখানে ইউএনও স্যারের মনোনীত ট্যাগ অফিসার থাকেন, তিনি সবকিছু দেখভাল করেন।"
ট্যাগ অফিসার হুমায়ুন কবিরের মুঠোফোনে ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাদির হোসেন শামীম বলেন, "আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখছি। পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষা চলাকালীন সময়ে সার্বক্ষণিক একজন তদারকি কর্মকর্তা (অফিসার) নিয়োজিত রাখা হয়েছে। কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।"