ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে নারী বন্দি পলায়ন: ৭ কারাকর্মী সাময়িক বরখাস্ত, মামলা দায়ের

author
লাবণী আক্তার, কাশিমপুর

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ দুপুর ১:১৬
ad003
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় তিনজন মেট্রন ও চারজন নারী কারারক্ষীসহ মোট সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কারা অধিদপ্তর। একই ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক বন্দিকে গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট সাত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের অভ্যন্তরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বপ্রাপ্তদের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে ২১ বছর বয়সী সাজাপ্রাপ্ত বন্দি রিম্পা কারা অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

পলাতক রিম্পা মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন।

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালায় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বন্দির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরে এ ঘটনায় কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়।

সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাতুল ফরহাদ জানান, পলাতক বন্দিকে দ্রুত গ্রেপ্তারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে কীভাবে এ ঘটনা ঘটেছে এবং কারও গাফিলতি বা অন্য কোনো সহায়তা ছিল কি না, তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT