নীলফামারীর সৈয়দপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী-শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সৈয়দপুর শহরের বিষ্ণু মন্দির প্রাঙ্গণে ধর্মীয় পূজা ও মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান।
এসময় ভক্তদের উলুধ্বনি আর শঙ্খ-কাশরের শব্দে মন্দির প্রাঙ্গণ উৎসবে মেতে ওঠে। পরে ঢাক-ঢোলের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ বলরাম-সুভদ্রাকে রথে আহরণ করানো হয়।
হিন্দুশাস্ত্র মতে রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়, এই ধর্মীয় বিশ্বাস থেকে ভক্তরা রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা সহকারে বেলা ৩টায় মন্দির চত্বর থেকে প্রথম টানের মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে ভক্তরা শহীদ তুলশীরাম সড়কে হীরা লাল ঠাকুর বাড়ি মন্দিরে শ্রী-শ্রী জগন্নাথ দেবকে তার মাসির বাড়ি নিয়ে যান।
এসময় মন্দিরে পূজা অর্চনা, গীতাপাঠ, ধর্মীয় রামায়ণ, কীর্তন গানসহ পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।