ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

author
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ সকাল ৯:৪৩
ad003
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে "বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবন উন্নয়ন" শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তালিব বলেন, "দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই একটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান, কর্মদক্ষতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, "দক্ষতা অর্জনই হবে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি।" সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রান্তিক পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ১০ দিনব্যাপী এই সফট স্কিলস প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যক্তিত্ব বিকাশ, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, কর্মক্ষেত্রে আচরণ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে তারা কর্মজীবনে আরও দক্ষ হয়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT