‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোণা জেলা শাখা ও রংধনু কচি-কাঁচার মেলার যৌথ উদ্যোগে শহরের নেত্রকোণা রেলওয়ে স্টেশন চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক ইকবাল আহমেদের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংগঠক হেদায়েত উল্লাহ রুমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর-বারহাট্টা (নেত্রকোণা-২) আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, বাপার জেলা শাখার সদস্য সচিব শহিদুল ইসলাম ছোটন এবং জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন রিপন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক বলেন, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি বলেন, সরকারের এই কর্মসূচি সফল করতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবীসহ সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।
তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত উদ্যোগে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি দেশের সবুজায়ন আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্য বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন আবহাওয়া আরও বৈরী হয়ে উঠছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যায়ও এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে অতিথিরা নেত্রকোণা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।