ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনন্দময় শিক্ষার স্বপ্ন দেখালেন সাবেক ডিসি সারওয়ার আলম

author
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ দুপুর ২:১৬
ad003
শিশুর কাছে স্কুল মানেই যেন আনন্দ, খেলা আর নতুন কিছু শেখার রঙিন জগৎ— এমন স্বপ্নের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ও সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। তিনি বলেছেন, "স্কুল কোনোভাবেই শিশুদের কাছে বোঝার জায়গা হতে পারে না। এমন পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে শিশুরা খেলতে খেলতেই শিখবে এবং প্রতিদিন আনন্দ নিয়ে স্কুলে যেতে চাইবে।"

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে পাকুন্দিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষাব্যবস্থার বর্তমান বাস্তবতা তুলে ধরে সারওয়ার আলম বলেন, "অনেক শিশু ক্ষুধার কথাও ভুলে যায়, কিন্তু ভারী বইয়ের ব্যাগ টানতে টানতে তাদের কোমল পিঠ নুয়ে যাচ্ছে। তাই এমন স্কুল প্রয়োজন, যেখানে পড়াশোনার পাশাপাশি থাকবে খেলাধুলা, সৃজনশীলতা ও আনন্দের পরিবেশ।"

তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে আধুনিক মডেল প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা উচিত। এসব বিদ্যালয়ে থাকবে দৃষ্টিনন্দন ভবন, আকর্ষণীয় রঙ, প্রশস্ত খেলার মাঠ, দোলনা ও শিশুদের উপযোগী বিভিন্ন রাইডস। এমন পরিবেশ শিশুদের বিদ্যালয়ের প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট করবে এবং শেখাকে আনন্দময় করে তুলবে।

নিজের জন্মভূমির প্রতি আবেগ প্রকাশ করে তিনি বলেন, "আজ আমি এখানে অতিথি নই, নিজের বাড়িতেই এসেছি। অনুষ্ঠানের আনন্দ আরও বাড়ত, যদি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ছবি দিয়ে একটি বড় বিলবোর্ড করা হতো। এতে অন্য শিক্ষার্থীরাও উৎসাহিত হতো।"

এ সময় তিনি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। তিনি বলেন, "আমি ছাত্রজীবনে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েও বৃত্তি পাইনি। কিন্তু সারওয়ার আলম বৃত্তি পেয়েছিলেন এবং আজ তিনি দেশের একজন সফল প্রশাসনিক কর্মকর্তা। তোমরাও তাঁর মতো যোগ্য, সৎ ও দেশপ্রেমিক মানুষ হওয়ার চেষ্টা করবে।"

পাকুন্দিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার উদ্দিন আহমেদ, আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি জনাব এস এম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল হক মাসুদ ও এমদাদুল হক বুলু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আহমদ ফারুক খোকন, পাকুন্দিয়া উপজেলা কৃষক দলের সভাপতি মো. শামসুল হক মিঠু, উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল হক জর্জ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের সর্বাঙ্গীণ সাফল্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. আব্দুল আহাদ বাচ্চু।

শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। সভাপতি মোহাম্মদ সাইদুজ্জামানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উৎসবমুখর আয়োজনের সমাপ্তি ঘটে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT