ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাদুর্গতদের পাশে ৫৭ বিজিবি: ত্রাণের সঙ্গে বিনামূল্যে চিকিৎসাসেবা

author
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ দুপুর ২:৪৫
ad003
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা এবং ভূমিধস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করে বন্যাদুর্গত ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বিজিবি।

শনিবার (১৮ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার রিজিয়নের অধীন বান্দরবান সেক্টারের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো।

সাম্প্রতিক বন্যা ও ভূমিধস পরিস্থিতিতে আলীকদম ও লামা উপজেলার দুর্গত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জহিরুল ইসলাম, এমবিবিএস, এমসিপিএস-এর নেতৃত্বে কুরুকপাতা ইউনিয়নের দুর্গম জুমিয়ামুড়া ও ক্লাইংপাড়া এলাকায় এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারসহ স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা, ওষুধ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে দুর্গম সীমান্ত এলাকার সাধারণ মানুষের কাছেও বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হয়।

আলীকদম ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT