ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর আর্জেন্টিনা-স্পেন ফাইনালকে ঘিরে উৎসবের আমেজে ভাসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। বহুল প্রতীক্ষিত এ ম্যাচ উপভোগ করতে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে। এতে হাজারো শিক্ষার্থীর সম্মিলিত উপস্থিতিতে মুখর হয়ে উঠবে পুরো ক্যাম্পাস।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জোহা চত্বরে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এবং ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে জায়ান্ট স্ক্রিনে ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
সংশ্লিষ্টরা জানান, দর্শকদের জন্য বসার ব্যবস্থা, উন্নত সাউন্ড সিস্টেম এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। খেলা শুরুর আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে।
এর আগে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলা প্রদর্শন নিয়ে প্রশাসনিক অনুমতি না থাকায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেখানে খেলা দেখানোর অনুমতি মিলেছে বলে নিশ্চিত করেছেন রাকসুর সহ-ক্রীড়া সম্পাদক আবু সাইদ নুন।
প্রথমে ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ঘোষণা দেয়। পরে রাকসু বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আয়োজনের ঘোষণা দেয়। সর্বশেষ বিশ্ববিদ্যালয় প্রশাসন জোহা চত্বরে বড় এলইডি স্ক্রিনে খেলা প্রদর্শনের সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, "বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থানে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। রাকসুর উদ্যোগে স্টেডিয়ামে, ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জোহা চত্বর থেকে প্যারিস রোড এলাকায় বড় পর্দায় খেলা সম্প্রচার করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। গেটে তল্লাশির ব্যবস্থা থাকবে এবং শিক্ষার্থীদের আইডি কার্ড সঙ্গে আনার অনুরোধ জানানো হবে। বহিরাগতদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করব।"