ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

author
ব‌রিশাল ব্যুরো

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ দুপুর ২:২৪
ad003
মাদারীপুরের কালকিনিতে বিপুল পরিমাণ জাল টাকা এবং টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দীন ইসলাম ঢালী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

রবিবার (১৯ জুলাই) বিকেলে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরজগমোহন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দীন ইসলাম ঢালী ওই এলাকার মহসিন ঢালীর ছেলে।

র‍্যাব-৮ ব‌রিশাল সদর দপ্তর থে‌কে পাঠা‌নো এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে কালকিনির চরজগমোহন এলাকায় দীন ইসলাম ঢালীর নিজ বসতবাড়িতে জাল টাকা ছাপানোর কাজ চলছে। উক্ত সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে র‍্যাবের টিম সেখানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও ২/৩ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে তার ঘরে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী স্বীকার করে যে, উদ্ধারকৃত জাল টাকাগুলো সে আসল হিসেবে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করে আসছিল। একই সাথে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশ্ববর্তী আহমেদ ফিরোজ খানের বাড়ির ভাড়াটিয়া সুজন ঢালীর ঘর থেকে জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে একটি প্রিন্টার, ২টি এন্ট্রিকাটার, ২টি স্কেল, জাল টাকা তৈরির রঙ, ২টি চপিং বোর্ড, জাল টাকা ছাপানোর কাজে ব্যবহৃত কাগজ এবং একটি স্মার্টফোন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামী ও পলাতক সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT