টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধীনস্থ খুরের মুখ চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০২ জন আসামিসহ ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার ২০ জুলাই ২০২৬ ইংরেজি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, শিলখালী এলাকা হতে একটি সিএনজিযোগে মাদকের একটি চালান মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফের দিকে গমন করতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির পরিকল্পনা ও নির্দেশনায় খুরের মুখ চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকার আলীরডেইল নামক স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবি’র আভিযানিক দল আনুমানিক ২.১০ টা হতে উক্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।
পরবর্তীতে আনুমানিক ৩.৫০ টায় শিলখালী হতে টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশাকে নিয়মিত তল্লাশির উদ্দেশ্যে বিজিবি’র আভিযানিক দল থামায়। তল্লাশিকালে সিএনজি চালক ও পেছনের আসনে বসা যাত্রীর আচরণ সন্দেহজনক প্রতীয়মান হওয়ায় কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করেন। এ সময় সিএনজির পেছনের অংশে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় রাখা এ মদ উদ্ধার করা হয়। অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে সংশ্লিষ্ট চালক ও যাত্রীকে ঘটনাস্থল হতে আটক করা হয়।
জব্দকৃত মালামাল হল, দেশীয় চোলাই মদ - ৬০ লিটার, মোবাইল ফোন - ০১টি, সিএনজি অটোরিকশা ০১টি।
আটককৃত ব্যক্তিরা হল-আব্দুল খালেক, পিতা- এনায়েত আলী, মাতা- হাফেজা খাতুন, গ্রাম- শীলখালী, ০৩ নং ওয়ার্ড, বাহারছড়া ইউনিয়ন, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার এবং আব্দুল আমিন (২২), পিতা- আবুল মনসুর, মাতা- মৃত হালিমা খাতুন, গ্রাম- হাদুরছড়া, ০২ নং ওয়ার্ড, সাবরাং ইউনিয়ন, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত আসামি ও জব্দকৃত দেশীয় চোলাই মদসহ অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।