ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৩৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং বেগবতী নদীতে নির্মিত একটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে।
রবিবার (২০ জুলাই, ২০২৬) কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে প্রায় ৬৫০ মিটার দৈর্ঘ্যের ৩৫টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ। এ সময় বেগবতী নদীতে মাছের স্বাভাবিক চলাচল ও প্রজননে প্রতিবন্ধকতা সৃষ্টি করা একটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার মো. হাসান সাজ্জাদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা প্রশাসন জানায়, চায়না দুয়ারি জাল ব্যবহার দেশের মৎস্যসম্পদ ও দেশীয় প্রজাতির মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে, ফলে মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং নদী-খাল-বিলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।