ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জলমহাল ঘিরে সবুজ বিপ্লব লালপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

author
লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ দুপুর ১২:১০
ad003
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নাটোরের লালপুর উপজেলায় জলমহালসমূহের চারপাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে। এই উদ্যোগকে স্থানীয়ভাবে পরিবেশ সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার আড়বাব ইউনিয়নের বিভিন্ন জলমহাল এলাকায় হিজল, করচসহ পরিবেশবান্ধব ও জলাভূমি উপযোগী নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এসব গাছ জলমহালের পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, নদীর কূল সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো: বরকত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, আড়বাব ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মজিদ, সাংবাদিক আব্দুল মোতালেব রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, “জলমহালগুলো শুধু অর্থনৈতিক সম্পদ নয়, এগুলো আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এসব এলাকায় উপযোগী গাছ লাগানোর মাধ্যমে আমরা একদিকে পরিবেশ রক্ষা করতে পারবো, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও সহায়তা পাবো।

তিনি আরও জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি প্রশাসনের যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা বন কর্মকর্তার সার্বিক সহযোগিতা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন পরিবেশবান্ধব কার্যক্রম নিয়মিত হলে এলাকার জলমহালগুলো আরও সমৃদ্ধ হবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণ সহজ হবে।

পরিশেষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে গাছের যত্ন নেওয়া এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT