বর্তমান বিএনপির সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক উন্নয়ন কার্যক্রম শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় সরকারের উন্নয়ন ধারাবাহিকতা চলমান থাকবে। এদিকে উন্নয়ন অব্যাহত রাখতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
দীর্ঘদিনের দুর্ভোগ লাগাবে নারায়ণগঞ্জ সদর-এর বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর তত্ত্বাবধানে ফতুল্লা পোস্ট অফিস হতে হাজীগঞ্জ রোড (ভায়া উপজেলা সদর দপ্তর) পর্যন্ত প্রায় ২.১২ কিলোমিটার দীর্ঘ ও ১৫ ফুট প্রশস্ত আরসিসি সড়ক নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এই সড়কের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ আব্দুল্লাহ আল আমিন।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ফতুল্লার পোস্ট অফিস রোড এলাকায় এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, ফতুল্লা পোস্ট অফিস হতে হাজিগঞ্জ রোডের আরসিসি সড়কটি মানুষের যোগাযোগ ব্যবস্থাকে আরও নিরাপদ, টেকসই ও গতিশীল করবে। এর ফলে স্থানীয় জনগণের যাতায়াত সহজতর হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় নেতৃবৃন্দরা সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই রাখতে সর্বসাধারণের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও সড়কে নির্ধারিত ধারণ ক্ষমতার অতিরিক্ত ওজন বহনকারী যানবাহন চলাচল থেকে বিরত থাকা, সড়ক কেটে পাইপ, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্যান্য ইউটিলিটি সংযোগ স্থাপন না করা, ড্রেনেজ ব্যবস্থায় বর্জ্য না ফেলা, সড়কের পাশে অবৈধ দখল বা স্থাপনা নির্মাণ না করা এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। এসময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল দীর্ঘদিন ধরে জনগণের কাছে পৌঁছে দিতে সরকারি সম্পদ সংরক্ষণে জনগণের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত। এছাড়াও নারায়ণগঞ্জ সদর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।