মানিকঞ্জের সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু'জন নিহত হয়েছে। নিহতরা হলেন, সিএনজি চালক ফরহাদ হোসেন (৫০) ও যাত্রী মো: মহরম বেপারি (৪০)।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮ টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিএনজি চালক ফরহাদ মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া গ্রামের মহিউদ্দিন মিয়ার ছেলে আর যাত্রী মহরম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিন পানান গ্রামের জামশেদ বেপারির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে হেমায়েতপুর থেকে একটি সিএনজি যাত্রী বোঝাই করে (ঢাকা মেট্রো-৩০৩০২৭) সিংগাইরের উদ্দেশ্য রওয়ানা হয়। মেদুলিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ন-১১-১০৬৬) সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রী মহরম বেপারি ঘটনাস্থলে নিহত হন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক ফরহাদ হোসেন মারাযান। এছাড়া এঘটনায় সিএনজিতে থাকা আরও দু'জন যাত্রী গুরুতর আহত হন।
সিংগাইর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।