নাটোরের সিংড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বুলবুলি খাতুন (২০) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. আব্দুল্লাহ (২০)-কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চী ভাদরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বুলবুলি ও আব্দুল্লাহ দম্পতির ঘরে চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী বুলবুলির ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
ঘটনার পর খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আটক করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।