ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া প্রেসক্লাবে অফিসার ইনচার্জ এর মতবিনিময়

author
‎কেন্দুয়া প্রতিনিধি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ সকাল ৫:০৩
ad003
নেত্রকোণার কেন্দুয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব মঙ্গলবার (২১ জুলাই) রাতে যেন হয়ে উঠেছিল চিন্তা, চেতনা ও সামাজিক দায়বদ্ধতার এক মিলনমঞ্চ। রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।

‎কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গীতি কবি মো. আব্দুল হাই সেলিম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায়  আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আইনশৃঙ্খলা, মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা, সাহিত্য-সংস্কৃতির বিকাশ এবং একটি সুস্থ সমাজ নির্মাণের প্রত্যয়।

‎আলোচনায় ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু পুলিশের একার নয়; সমাজের প্রতিটি সচেতন নাগরিক, বিশেষ করে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা একটি নিরাপদ জনপদ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক, জুয়া ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনতে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চার কোনো বিকল্প নেই।পাশাপাশি সুন্দর কেন্দুয়া গড়ার লক্ষ্যে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। 

‎অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি মো. আব্দুল হাই সেলিমের রচিত একটি গান পরিবেশন করেন বাউলশিল্পী কামরুল হাসান তালুকদার সবুজ। তাঁর কণ্ঠে গানের সুর যেন আলোচনার মূল বার্তাকেই আরও গভীর করে তোলে—সংস্কৃতিই পারে মানুষকে মানবিকতার পথে ফিরিয়ে আনতে।

‎সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, কবি, সাংবাদিক ও নাট্যাভিনেতা মোঃ মহিউদ্দিন সরকার, সাংবাদিক কিশোর কুমার শর্মা, কোহিনুর আলম আপন, রোকন উদ্দিনসহ কেন্দুয়া প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

‎এই মতবিনিময় সভা ছিল কেবল আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়; বরং সমাজকে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে নেওয়ার এক সম্মিলিত অঙ্গীকার। যখন আইন, সাংবাদিকতা ও সংস্কৃতি একই টেবিলে বসে ভবিষ্যৎ নিয়ে কথা বলে, তখন একটি জনপদের জন্য তা আশার নতুন দিগন্ত উন্মোচন করে। কেন্দুয়ার এই আয়োজন সেই আশাবাদেরই এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT