ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে কারিতাসের উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ দুপুর ১:১৬
ad003
খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার (২২ জুলাই) বেলা ১২টায় মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) সদস্যদের নিয়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চলের আয়োজনে এবং সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় বাস্তবায়িত ‘আশ্বাস: মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশগুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন।

এছাড়াও সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, প্রেসক্লাবের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের নারী সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, মানব পাচার একটি আন্তর্জাতিক অপরাধ এবং এটি প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে নিরাপদ অভিবাসন, ভুয়া দালাল চক্রের প্রতারণা এবং মানব পাচারের কৌশল সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশগুপ্ত বলেন, মানব পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করতে হবে। সন্দেহজনক কোনো কার্যক্রম বা দালাল চক্রের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলীসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা মানব পাচারের ঝুঁকি মোকাবিলায় পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি উদ্ধারপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং সামাজিকভাবে পুনঃএকীভূত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে মানব পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করা এবং কমিটির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT