ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আবু হেনা রাসেল না ফেরার দেশে

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ বিকেল ৪:৪৩
ad003
সাংবাদিক আবু হেনা আক্তার হোসেন রাসেল (৫৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ বুধবার (২২ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেটের একটি পেট্রলপাম্পে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।

আবু হেনা অপরাধবিষয়ক প্রতিবেদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি দৈনিক ভোরের কাগজ, দৈনিক সমকাল ও কালের কণ্ঠে কাজ করেছেন। সর্বশেষ তিনি খবর সংযোগ নামের একটি দৈনিকের বিশেষ প্রতিনিধি ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বহু আত্মীয় রেখে গেছেন। তাঁর বাড়ি রাজশাহীতে।

স্বজন ও সহকর্মীরা জানিয়েছেন, গতকাল রাজধানীর আসাদগেট সংলগ্ন একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে যান রাসেল। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল জানান, আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে আবু হেনা আক্তার হোসেন রাসেলের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ নিজ বাসভবনের সামনে নেওয়া হয়। সেখানে স্থানীয় মসজিদে জানাজা হয়। মরদেহ রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ–সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।

আবু হেনা ২০০০ সালের দিকে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি কানাডায় চলে যান। প্রবাসজীবন শেষে ২০১৬ সালের দিকে বাংলাদেশে ফিরে আবার সাংবাদিকতা শুরু করেন।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ কার্যনির্বাহী কমিটি আবু হেনা রাসেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর নির্ধারিত অনুষ্ঠানটি স্থগিত করার কথা জানিয়েছে সংগঠনটি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT