পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় প্রচণ্ড গরমে হাসপাতালে পর্যাপ্ত সিলিং ফ্যান না থাকায় রোগীদের দুর্ভোগের বিষয়টি তাঁর নজরে আসে। তাৎক্ষণিকভাবে রোগীদের কষ্ট লাঘবে তিনি ১১টি সুপার স্টার সিলিং ফ্যান ক্রয়ের ব্যবস্থা করে দেন।
পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ এমপিকে জানায়, সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত ৪১ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসাসেবায় তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে পরবর্তী স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. হালিমা খানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গুড়া উপজেলা আমির মাওলানা মহিউদ্দিন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি সাদিক, মণ্ডতোষ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জহুরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।