গাজীপুর মহানগর সদর থানাধীন এলাকায় ঘটে যাওয়া বহুল আলোচিত ও চাঞ্চল্যকর রাজমিস্ত্রি নাঈম মাঝি (২৮) হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ নাজমুল হোসেন (২০)-কে গ্রেফতার করেছে পিবিআই। গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৪ তারিখ বিকাল অনুমান ৪ ঘটিকায় কাজের কথা বলে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকার বাসা থেকে বের হয়ে নাঈম মাঝি (২৮) নিখোঁজ হন। পরবর্তীতে ১৫ অক্টোবর ২০২৪ খ্রিঃ বেলা অনুমান ১ টা ৪০ মিনিটে গাজীপুর মহানগরীর সদর থানাধীন সামান্তপুর সাকিনস্থ আফজাল হোসেনের রূপালী হ্যাচারীর দক্ষিণ পাশে এরশাদ গংদের ধানী জমি থেকে তার ক্ষতবিক্ষত নিথর দেহ উদ্ধার করা হয়। ১০ অক্টোবর ২০২৪ খ্রিঃ হতে ১৫ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখের মধ্যবর্তী যেকোনো সময়ে অজ্ঞাতনামা আসামীরা সুপরিকল্পিতভাবে ভিকটিমকে হাত-পা নাইলনের রশি দিয়ে বেঁধে, চোখে, কপালে ও বুকে গুরুতর জখম করে, আঙুল কেটে এবং বুকে ও পুরুষাঙ্গে তামা তার পেঁচিয়ে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে লাশটি ধানী জমিতে ফেলে রেখে যায় হত্যাকারীরা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
পিবিআই গত ২১ জুলাই রাত অনুমান ১০.৩৫ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরানী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাজমুল হোসেনকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ নাজমুল হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানায় পিবিআই গাজিপুর। মামলায় জড়িত অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।