ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ সকাল ১০:৪৭
ad003
নেত্রকোণা সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. এনামুল হক (৪৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের কান্দুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি এলাকায় শুটকি ব্যবসার পাশাপাশি ঢাকায় পারিবারিক ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে সম্প্রতি ঢাকায় গিয়েছিলেন এনামুল হক।

বৃহস্পতিবার ভোরে তিনি বাসযোগে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হন। দুপুরে নেত্রকোনা শহরে পৌঁছে সিএনজি চালিত অটোরিকশায় করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে কান্দুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে পাশের খেতে পড়ে যায়। 

এতে এনামুল হক মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন আবুল কাসেম আজাদ জানান, এনামুল হকের এলাকায় শুটকির ব্যবসা রয়েছে। এছাড়া ঢাকায় তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যা তার অন্য ভাইয়েরা দেখাশোনা করেন। ব্যবসার প্রয়োজনে তিনি ঢাকায় গিয়েছিলেন।

 অন্য ভাইয়েরা ট্রেনে ফিরলেও দ্রুত বাড়ি পৌঁছানোর জন্য তিনি বাসে রওনা হন। কিন্তু বাড়ি ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশা জব্দ করে। তবে দুই গাড়ির চালকই দুর্ঘটনার পর পালিয়ে যান।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT