ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘চারতলা ভবন, অথচ ক্লাসে মাত্র ৪-৫ শিক্ষার্থী, এটা মেনে নেওয়া যায় না’

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ সকাল ১১:৪৮
ad003
সরকার প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করলেও অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি আশানুরূপ নয় বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। 

তিনি বলেন, "শুধু সুন্দর ও বহুতল বিদ্যালয় ভবন নির্মাণ করলেই হবে না, সেই ভবনের শ্রেণিকক্ষগুলোও শিক্ষার্থীর উপস্থিতিতে প্রাণবন্ত হতে হবে।"

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ ৯৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।

ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে নিরলসভাবে কাজ করছে। শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্কুলব্যাগ ও জুতা দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষকদের বেতন-ভাতা ও অবসর-পরবর্তী সুযোগ-সুবিধাও বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এসব উদ্যোগের সুফল তখনই মিলবে, যখন বিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত হবে।

তিনি বলেন, "এমন অনেক বিদ্যালয় রয়েছে, যেখানে দৃষ্টিনন্দন দোতলা বা চারতলা ভবন দাঁড়িয়ে আছে, অথচ শ্রেণিকক্ষে মাত্র চার-পাঁচজন শিক্ষার্থী। এ ধরনের বাস্তবতা আমাদের জন্য উদ্বেগজনক এবং এটি কোনোভাবেই কাম্য নয়।"

শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকই একটি শিশুর চরিত্র, মূল্যবোধ ও দায়িত্ববোধ গঠনের ভিত্তি তৈরি করেন। তাই নিজেদের সন্তানের মতোই প্রতিটি শিক্ষার্থীকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বক্তব্যের একপর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, "ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে, যখন আমরা আগামী প্রজন্মকে সৎ, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারব। কলমাকান্দার চারজন শহীদের আত্মত্যাগও তখনই সার্থক হবে।"

অনুষ্ঠানের শেষপর্বে ডেপুটি স্পিকার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা ভবিষ্যতে অষ্টম শ্রেণিতেও বৃত্তি অর্জনের পাশাপাশি সুনাগরিক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল আজম।

উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কলমাকান্দা উপজেলায় ৫৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৪১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এ উপলক্ষে মোট ৯৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT