ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কারের অল্পদিনেই আবার বেহাল গৌরনদী বন্দরের সড়ক, জলাবদ্ধতা ও খানাখন্দে বাড়ছে জনদুর্ভোগ

author
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ দুপুর ১২:৩১
ad003
বরিশালের গৌরনদী উপজেলার বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের অল্প সময়ের মধ্যেই আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। পাশাপাশি কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত চলাচল করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও ইজিবাইক চালকদের দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি সড়কটি সংস্কার করা হলেও তা ছিল সাময়িক ও নিম্নমানের। ফলে অল্প সময়ের ব্যবধানে সড়কটি পুনরায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, শুধু ওপরের অংশে সংস্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। সড়কটি টেকসইভাবে পুনর্নির্মাণের পাশাপাশি আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে বৃষ্টির পানি দ্রুত অপসারণ করা যায়।

স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান অবস্থায় সড়কটি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। তাই জনদুর্ভোগ কমাতে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT