নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া এলাকায় অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ ও ঔষধ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি মামলায় মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। তবে অভিযানের খবর ছড়িয়ে পড়তেই ভুলতা, গোলাকান্দাইল ও গাউছিয়া এলাকার অনেক ফার্মেসি দ্রুত দোকান বন্ধ করে সটকে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ২৩ জুলাই বৃহস্পতিবার ঔষধ ও কসমেটিক আইন-২০২৩ এর আওতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান। অভিযানে নারায়ণগঞ্জ জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক কবির হোসেন এবং রূপগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাউছিয়া ও ভুলতা এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে অনুমোদনহীন ও মানহীন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ সময় তিনটি পৃথক মামলায় একজনকে ২০ হাজার টাকা এবং অপর দুইজনকে ১৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানের সময় বিভিন্ন ফার্মেসিতে ওষুধের সংরক্ষণ ব্যবস্থা, মেয়াদ, লাইসেন্স এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। একই সঙ্গে ফার্মেসি মালিকদের অনুমোদিত ওষুধ বিক্রি এবং প্রচলিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
তবে স্থানীয় একাধিক ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীর দাবি, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে ভুলতা, গোলাকান্দাইল ও গাউছিয়ার অনেক ফার্মেসি তড়িঘড়ি করে দোকান বন্ধ করে চলে যান। ফলে অনেক প্রতিষ্ঠানই তল্লাশির আওতার বাইরে থেকে যায়। স্থানীয়দের অভিযোগ, অভিযানে পর্যাপ্ত জনবল না থাকায় পুরো এলাকা কার্যকরভাবে ঘিরে অভিযান পরিচালনা সম্ভব হয়নি। এতে অনেক অনিয়মকারী ব্যবসায়ী পার পেয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন, মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ কিংবা বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনো অনিয়মকারীকে ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সদস্য স্বল্পতার কারণে অভিযান সঠিকভাবে পরিচালনা করতে পারে নাই। এ সুযোগে দোকানদার দোকান বন্ধ করে চলে যান।