জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘পেইভিং পাথওয়েজ টু প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল রিকগনিশন থ্রু IEEE’ (Paving Pathways to Professional Development and International Recognition through IEEE) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এই সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), IEEE জাবিপ্রবি স্টুডেন্ট শাখা এবং জাবিপ্রবি রোবটিক্স ক্লাব যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করে। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহম্মদ শাহজালালের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আয়োজনটি সুচারুভাবে সমন্বয় করেন ইইই বিভাগের প্রভাষক মো. আমিমুল ইহসান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন," আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তির পরিবর্তন প্রতিনিয়ত ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবোটিক্স, আইওটি (IoT), সাইবার সিকিউরিটি এবং নবায়নযোগ্য শক্তির মতো ক্ষেত্রগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তব দক্ষতা অর্জন করতে হবে।"
অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক, আইকিউএসির পরিচালক এবং IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার প্রফেসর ড. মো. ওবায়দুর রহমান। এছাড়া সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ও IEEE উইমেন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নমিনেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট কমিটির (২০২৫-২৬) চেয়ার প্রফেসর ড. সেলিয়া শাহনাজ এবং একই বিভাগের অধ্যাপক ও IEEE বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড. এম. ইমামুল হাসান ভূঁইয়া। পাশাপাশি অনলাইনে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সাইবারনেটিক্স হাই-টেক সলিউশনস (প্রা.) লিমিটেডের অপারেশনস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এবং IEEE ইয়ং প্রফেশনালসের চেয়ার ইঞ্জিনিয়ার সোহেল রানা।
সেমিনারে আমন্ত্রিত বক্তারা জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা, উদ্ভাবন এবং পেশাগত নেটওয়ার্ক তৈরি করতে IEEE-এর ভূমিকা অপরিসীম। প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার প্রসারে এই ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে দেশীয় তরুণ গবেষক ও শিক্ষার্থীরা বৈশ্বিক অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণের পূর্ণ সুযোগ পাবেন।