ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে ঘিওরে মামলা, গ্রেপ্তার ১

author
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ সকাল ১০:৫২
ad003
মানিকগঞ্জের ঘিওরে এক অটোরিকশাচালককে মারধর, চাঁদাবাজি, হত্যাচেষ্টা এবং টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় মোঃ আবজাল মিয়া নামে এক  আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে ২১ জুলাই রাত সাড়ে ১০টা থেকে ২২ জুলাই ভোর পর্যন্ত এ ঘটনা ঘটে। আহত অটোরিকশাচালক নুর হোসেনের ভাই আলী হোসেন ২৪ জুলাই ঘিওর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ধান পরিবহনের ভাড়া আদায় করতে গিয়ে নুর হোসেনকে কয়েকজন ব্যক্তি আটকে অবৈধ সম্পর্কের অভিযোগ তোলেন। পরে তাঁকে মারধর করে একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক ছবি তোলা হয়। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক নারীর কাছ থেকে ৭০ হাজার টাকা আদায় এবং আরও ৩০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, টাকা দিতে অস্বীকৃতি জানালে নুর হোসেনকে ধারালো অস্ত্র, এসএস পাইপ ও হাতুড়ি দিয়ে মারধর করা হয়। এতে তাঁর পায়ের গোড়ালি, মাথা ও হাতে গুরুতর জখম হয়। এ সময় তাঁর ডান হাতের দুটি আঙুল ভেঙে যায়। অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা তাঁর কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৮ হাজার টাকা নিয়ে যায়।

স্থানীয় লোকজন আহত নুর হোসেনকে উদ্ধার করে প্রথমে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুব আলম বলেন, এ ঘটনায় ঘিওর থানায় মামলা  রুজু হয়েছে। মামলার এক নামীয় আসামি আফজাল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT