নেত্রকোণার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের সেচ সংযোগের ট্রান্সফরমার থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনায় আল আমিন ওরফে দিপু (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার নগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে মোহনগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আল আমিন ওরফে দিপুর বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। তবে তিনি দীর্ঘদিন ধরে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই গভীর রাতে উপজেলার উত্তর জগদীশপুর এলাকায় স্থাপিত সেচ সংযোগের ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন তিনটি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়।
প্রতিটি ট্রান্সফরমারের যন্ত্রাংশের মূল্য প্রায় ৯০ হাজার ১২৫ টাকা। সব মিলিয়ে চুরি হওয়া যন্ত্রাংশের মূল্য দাঁড়ায় প্রায় ২ লাখ ৭০ হাজার ৩৭৫ টাকা।
ঘটনার পর পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিষয়টি মৌখিকভাবে মোহনগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে তদন্ত ও নজরদারি শুরু হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, চোরচক্র ট্রান্সফরমারের যন্ত্রাংশ পাশ্ববর্তী একটি গ্রামে লুকিয়ে রেখেছে। পরে বৃহস্পতিবার বিকেলে সেগুলো সংগ্রহ করতে গেলে নগর এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পল্লী বিদ্যুতের মোহনগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ঝিমটি অভিযোগকেন্দ্রের লাইন টেকনিশিয়ান ইনচার্জ মো. ওবাইদুল্লাহ ইকবাল বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, গ্রেপ্তার আল আমিনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধারের পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।