টাঙ্গাইলের সখীপুরে ১১ বছর আগের আলোচিত ও চাঞ্চল্যকর ব্যবসায়ী আবদুর রাজ্জাক হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ করে রায় ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে নিহতের পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালের ১৪ জুলাই সখীপুর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ফাহিম সুপার মার্কেটের ভেতরে প্রকাশ্য দিবালোকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যবসায়ী আবদুর রাজ্জাককে নির্মমভাবে হত্যা করা হয়।
দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও মামলার বিচারিক কার্যক্রম শেষ না হওয়ায় নিহতের পরিবার হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুত বিচারকাজ শেষ করে রায় ঘোষণার দাবি জানান বক্তারা।
এছাড়াও মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত, মামলার আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিহত রাজ্জাকের পিতা মো. শামছুল হক ও মাতা মোছা. রাজিয়া বেগম। আরও উপস্থিত ছিলেন পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. জামাল মিয়া, সখীপুর উপজেলা বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ।
মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ে মামলার বিচারিক কার্যক্রম শেষ করে রায় ঘোষণার পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।