ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদীতে বিলের পানিতে ডুবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

author
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ সকাল ৬:১৪
ad003
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিলের পানিতে ডুবে মো. নাঈম মিয়া (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার লোহাজুরি ইউনিয়নের দক্ষিণ লোহাজুরি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম মিয়া দক্ষিণ লোহাজুরি গ্রামের মরহুম সোলাইমান চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মজলু মিয়ার বড় ছেলে। তিনি লোহাজুরি ৬৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সহপাঠীদের সঙ্গে গোসল করতে বিলে যায় নাঈম। সাঁতার না জানায় সে একটি প্লাস্টিকের বোতল (ভাসার জন্য) সঙ্গে নিয়ে পানিতে নামে। গোসল শেষে বাড়ি ফেরার পথে তার মনে পড়ে বোতলটি বিলে ফেলে এসেছে। পরে সে একাই বোতল আনতে ফিরে যায়। এ সময় পা পিছলে গভীর পানিতে পড়ে যায়।

অনেকক্ষণ বাড়ি না ফেরায় সহপাঠীরা বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে নাঈমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী রকিব হোসেন ভূঞা বলেন, “নাঈমের পরিবার খুবই দরিদ্র। তার বাবা বাঁশের খাঁচা তৈরি করে বিভিন্ন বাজারে বিক্রি করে সংসার চালান। নাঈম ছিল পরিবারের বড় সন্তান। ছোট ছোট তিন-চার ভাইবোনকে নিয়ে অনেক কষ্টে সংসার চালাচ্ছিলেন তার বাবা। বড় ছেলের এমন মৃত্যুতে পরিবারটি একেবারে ভেঙে পড়েছে।”

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম পানিতে ডুবে নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT