গোপালগঞ্জে দুই মোটর-সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা বেদেপল্লীর সামনে এ দূর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানাধীন বৌলতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার সিন্দায়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) ও একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২০)।
ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, একটি মোটর-সাইকেলে করে অচিন্ত্য কুন্ডু ও উজ্জ্বল বাড়ৈ গোপালগঞ্জের দিকে ঘুরতে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী অপর একটি মোটর-সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে অচিন্ত্য কুন্ডু নিহত হন।
এসময় উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল বেপারী মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে বৌলতলী পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর উন্নত চিকিৎসার জন্য ফরসাল বেপারীকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে ফরসাল বেপারী মারা যায় এবং চিকিৎসাধীন অবস্থায় উজ্জল বাড়ৈ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়।
তিনি আরো জানান, তিনটি মরদেহেরই ময়না তদন্ত শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।