সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাব। ‘আজকের বৃক্ষরোপণই গড়ে তুলবে আগামীর সবুজ রূপগঞ্জ’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২৫ জুলাই) সকালে রূপগঞ্জ থানা প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভুইয়া, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক মকবুল হোসেন, সদস্য সচিব মো. পারভেজ, বাংলাদেশ বুলেটিন পত্রিকার সৈকত হোসেন, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহসিন মিয়া, দৈনিক যায়যায়দিন পত্রিকার আড়াইহাজার উপজেলা প্রতিনিধি ও আড়াইহাজার টাইমসের সম্পাদক নজরুল ইসলামসহ ক্লাবের সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যা করার আহ্বান জানান তারা।