"সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার চারাগাছ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবার আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব মো. মুস্তাফিজুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোতাকাব্বির আহমেদ, জেলা পরিষদের প্রশাসক জনাব আলী আহমেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি জনাব মো. মাসুদ হাসান খান কিজিল এবং গ্রীন ভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি জনাব মো. আশরাফুল আলম খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সরকারি এ কর্মসূচির সফল বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে মাগুরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।