দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচালক ও এক ব্যবসায়ীর ছেলের মধ্যে হাতাহাতির ঘটনার জেরে ট্রাকশ্রমিকেরা দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে বিএনপির নেতাদের মধ্যস্থতায় উভয় পক্ষের সমঝোতা হলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড়ে ট্রাক আড়াআড়িভাবে রেখে অবরোধ শুরু করেন ট্রাকশ্রমিকেরা। বিকেল ৩টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেট্রো-ট-১২-৩৮১২ নম্বরের একটি ট্রাকে ঢাকার সিটি কোম্পানি থেকে গো-খাদ্য ও মুরগির খাদ্য নিয়ে ফুলবাড়ী পৌর বাজারের চেন্টু-মেন্টু স্টোরে আসে। এ সময় গুদামের অবস্থান দেখিয়ে দেওয়া নিয়ে ট্রাকচালক আল আমিনের সঙ্গে ওই ব্যবসায়ীর ছেলের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে ট্রাকশ্রমিকেরা ঢাকা মোড়ে সড়ক অবরোধ করেন। এতে দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির নির্দেশে পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ, সদস্যসচিব মাহবুব আলম ও যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন। তাঁদের মধ্যস্থতায় বিরোধের সমাধান হলে বিকেল ৩টার দিকে ট্রাকশ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।
আলোচনায় ট্রাকশ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার সভাপতি মানিক মণ্ডল ও সাধারণ সম্পাদক রাসেল পারভেজ শ্রমিকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, “ঘটনার রাতেই বিষয়টি মীমাংসার জন্য থানার এক এসআইকে ফোনে জানিয়েছিলাম। কিন্তু তিনি যথাযথ দায়িত্ব পালন করেননি। আপস না হলে থানায় মামলা নিয়ে আইন অনুযায়ী বিচার হতো। কিন্তু মামলা না করে সড়ক অবরোধের মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা বেআইনি।”
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ বলেন, “বিষয়টি আপস করার প্রতিশ্রুতিতে আলোচনা হয়েছিল। পরে আপস না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।