ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে ৩৬ দিন ভাসমান শ্রীলঙ্কান দুই জেলেকে উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা

author
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ দুপুর ১:৩০
ad003
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিংবোট বঙ্গোপসাগরে মাছ ধরা শেষে ফেরার পথে ৩৬ দিন ধরে ভাসমান অবস্থায় থাকা শ্রীলঙ্কার একটি বিকল ফিশিং বোট এবং তাতে থাকা বাবা-ছেলেসহ দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরের গুলিরধার নামক এলাকায় শ্রীলঙ্কান বোটটির ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘ ৩৬ দিন ধরে দিকহীনভাবে ভাসছিল। খাদ্য ও নিরাপত্তাহীন অবস্থায় থাকা দুই জেলেকে দেখতে পেয়ে মানবিক কারণে এগিয়ে আসেন মহেশখালীর জেলেরা। পরে তারা বিকল বোটসহ দুই জেলেকে নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

বর্তমানে উদ্ধার হওয়া দুই শ্রীলঙ্কান জেলে জিয়াউর রহমানের বাড়িতে আশ্রয়ে রয়েছেন। অন্যদিকে উদ্ধার করা ড্যানিশ ফিশিং বোটটি জিয়াউর রহমানের ফিশিংবোটের সঙ্গে বেঁধে তাজিয়াকাটা ঘাটে রাখা হয়েছে এবং তাঁর তত্ত্বাবধানে রয়েছে।

তবে ঘটনাটিকে ঘিরে নতুন করে বিতর্কেরও সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধার হওয়ার আগেই শ্রীলঙ্কান বোটে থাকা বিভিন্ন মালামাল লুট করা হয়েছে। এমনকি লুটের পর বোটটিকে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং লুটের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেও, একই সঙ্গে শ্রীলঙ্কান জেলেদের বোটে লুটপাটের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT