খুলনার শিরোমণিস্থ ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরে রবিবার (২৬ জুলাই) মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ব্যাটালিয়নের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন করেন ৩ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এম. এম. সালাহউদ্দীন।
প্যারেড পরিদর্শন শেষে অধিনায়ক উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি প্যারেডের সৌন্দর্য, শৃঙ্খলা ও পেশাগত উৎকর্ষতা আরও বৃদ্ধি করতে সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত পিটি (শারীরিক প্রশিক্ষণ) প্যারেডের মাধ্যমে শারীরিক সক্ষমতা ও কর্মদক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এরপর তিনি ব্যাটালিয়নের যানবাহন শাখা পরিদর্শন করে যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণ, নিরাপদ ব্যবহার ও সার্বক্ষণিক প্রস্তুতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করে এর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং অস্ত্রাগার পরিদর্শন শেষে গার্ড সালামী গ্রহণ করেন।
৩ এপিবিএন কর্তৃপক্ষ জানায়, বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
প্রসঙ্গত, ৩ এপিবিএন সব সময় আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। বাহিনীটি জনগণের আস্থা ও সেবা নিশ্চিত করতে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে আসছে।